Image description

রেকর্ড ষষ্ঠ এবং খুব সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এত দিন বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে কোনো গোল ছিল না তার।

 

 

অবশেষে সেই আক্ষেপ ঘুচেছে রোনালদোর। টরন্টোয় আজ ভোরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয়ে পর্তুগালের প্রথম গোলটি করেছেন তিনি, যা সবচেয়ে বেশি বয়সে (৪১ বছর ১৪৭ দিন) বিশ্বকাপের নকআউট পর্বে গোলের রেকর্ড। 

তবে রোনালদোর গোলটি এসেছে পেনাল্টি থেকে। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বইয়ে যাচ্ছে।

বিশেষ করে যারা আর্জেন্টিনা বা মেসির ভক্ত, তারাই মজা করছেন। 

 

Goal
রোনালদোর গোল উদযাপন। ছবি: ফিফা

কারণ, পর্তুগাল বা রোনালদোর সমর্থকরা প্রায়ই দাবি করেন, বিশ্বকাপে মেসির জন্য ফিফা নাকি পেনাল্টি বরাদ্দ রাখে। কিন্তু এখন বিশ্বকাপে মেসি-রোনালদো দুজনেরই পেনাল্টি থেকে গোল সমান ৪টি করে।

 

 

ফুটবল ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল করা রোনালদোকে কেউ কেউ মজা করে পেনালদোও ডাকেন। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, আজ ভোরে ক্রোয়েশিয়ার জাল কাঁপানোর পর তার পেনাল্টি গোলের সংখ্যা ১৮৩টি!

ক্যারিয়ারে বেশ কয়েকটি আসরে বা নির্দিষ্ট কোনো পর্বে রোনালদো নিজের প্রথম গোলটা পেয়েছেন পেনাল্টি থেকে। সেটির তালিকা তুলে ধরা হলো—

বিশ্বকাপে প্রথম গোল (১৭ জুন ২০০৬) ⚽ পেনাল্টি থেকে
লা লিগায় প্রথম গোল (২৯ আগস্ট ২০০৯) ⚽ পেনাল্টি থেকে
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল (২৯ আগস্ট ২০০৯) ⚽ পেনাল্টি থেকে
উয়েফা ইউরোপা লিগে প্রথম গোল (১৫ সেপ্টেম্বর ২০২২) ⚽ পেনাল্টি থেকে
আল নাসরের হয়ে প্রথম গোল (৩ ফেব্রুয়ারি ২০২৩) ⚽ পেনাল্টি থেকে
বিশ্বকাপ নকআউটে প্রথম গোল (৩ জুলাই ২০২৬) ⚽ পেনাল্টি থেকে

বর্তমানে রোনালদোর মোট গোলসংখ্যা ৯৭৬টি। ক্যারিয়ারে এতগুলো পেনাল্টি নিতে গিয়ে বেশ কিছু মিসও করেছেন পর্তুগিজ মহাতারকা। সেই সংখ্যাও নেহাত কম নয়; ৩৬টি।

গোলগুলো করতে পারলে অনেক আগেই তিনি ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন। 

 

সব মিলিয়ে কথাটা তাই বলতেই হচ্ছে—রোনালদোর পেনাল্টিময় জীবন!