Image description

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৪ জুন) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২' এর ১১ (১) এর ধারা অনুযাী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করে গত ১ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

 

তদন্তকালে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া, রোগী ও রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া নেয়। তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অধ্যাদেশের বিধানগুলো যথাযথভাবে পালিত না হওয়ায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

নোটিশে তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরুপণ করেছে বলে জানিয়েছে। পাশাপাশি কেন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে সময় বেঁধে দিয়েছে। সে অনুযায়ী আগামী ৭ জুনের মধ্যে কারণ দর্শাতে হবে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে।