Image description

নেত্রকোনার মদনে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই কনস্টেবল আহত হওয়ার ঘটনায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মদন পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মদন থানার কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী বাসে যাত্রীদের হয়রানি ও ভোগান্তির অভিযোগ পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সরকারি কলেজ মোড় এলাকায় যান। সেখানে উপস্থিত যাত্রীরা পরিবহনসংক্রান্ত নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন।

এ সময় ঘটনাস্থলে আসেন মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু (২৩)। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সময় মিঠুকে কিছুটা দূরে সরে দাঁড়াতে বলা হলে তার সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে মিঠুর আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই পুলিশ সৈয়দ মিঠুকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, “একটি ঘটনার জেরে কলেজ শাখার সভাপতি মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, “ছাত্রদল নেতা মিঠুর বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দল অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিষয়ে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুলিশ ও স্থানীয় এক যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”