Image description

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভৈরব রেলওয়ে থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। সংঘর্ষের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় কয়েকটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় শহরের জগন্নাথপুর ও পঞ্চবটি এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটে এ সংঘর্ষের ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে জগন্নাথপুর ও পঞ্চবটি এলাকার লোকজনের মধ্যে চলছিল বিরোধ। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর এলাকার এক ব্যক্তিকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের লোকজন ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় মুখোমুখি হলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।

সংঘর্ষের কারণে রেলপথে চলাচল হয় ব্যাহত। জানা যায়, মেথিকান্দা স্টেশনে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং আশুগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ বললেন, সংঘর্ষের ঘটনায় রাত সোয়া ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য, একজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।