কক্সবাজারের উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে পারভীন আক্তার নামে এক গৃহবধূর খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানা হেজাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল আটটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পাগলিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পারভীন আক্তার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে। অভিযুক্ত আবদুল আলম পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
পারভীনের ছোট বোন ইয়াসমি আক্তার বলেন, সকালে খাবার খাওয়ার সময় আমার বোন ও তার স্বামীর ঝগড়া লাগে। আমার বোনকে মারধর করা হয়। সে আমাদের বাড়িতে চলে আসার জন্য বের হলে দুলাভাই পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন। আমার বোন লুটিয়ে পড়লে তাকে রক্তাক্ত অবস্থায় কাঁধে করে হাসপাতালে নিয়ে যান দুলাভাই।
তাদের বড় ভাই সৌদি প্রবাসী কামাল উদ্দিন জানান, পারভীনের স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। তার বোনের মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ আকিব নামে তিন সন্তান রয়েছে। বিভিন্ন সময় সহযোগিতা দিয়ে আসলেও তাদের পরিবারে অভাব-অনটন লেগে থাকত।
স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, মূলত পারিবারিক অভাব-অনটন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে আঘাত করেন আবদুল আলম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।