Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশের বাধায় বন্ধ হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর আয়োজন করেছিল স্থানীয় কয়েকজন তরুণ।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনের কথা ছিল। তবে কওমি মাদরাসা শিক্ষার্থীদের বাধার মুখে সিনেমা প্রদর্শনী স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

একই দিন কসবার তালতলা গ্রামে সিনেমাটির প্রদর্শনীর ঘোষণা দেয় স্থানীয় তরুণরা। সন্ধ্যায় সিনেমাটির প্রদর্শনী শুরুর আগেই সেখানে গিয়ে অবস্থান নেয় পুলিশ। ফলে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শনী।

স্থানীয় তরুণদের একজন আদিব রেজা রঙ্গন আগামীর সময়কে বলেছেন, ‘গতকাল রাতে যখন আমরা সিনেমাটির প্রদর্শনী শুরু করব তার আগেই পুলিশ আসে। পরে আমরা আর প্রদর্শনীটি করতে পারিনি।’

কসবা থানার ওসি নাজনীন সুলতানা আগামীর সময়কে বলছিলেন, ‘এই সিনেমার প্রদর্শনী ঘিরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় আমরা সেখানে গিয়েছিলাম। ঈদ করতে বাড়িতে আসা স্থানীয় কিছু তরুণ একসঙ্গে বসে বনলতা এক্সপ্রেস সিনেমাটি দেখতে চেয়েছিল। এটা এক ধরণের কৌতুহল থেকেই। আমরা গিয়ে কথা বলার পর তারা নিজ থেকেই বন্ধ করেছে প্রদর্শনীটি।