Image description

বাগেরহাটের রামপাল উপজেলায় দুর্বৃত্তের হামলায় চায়ের দোকানে বসে থাকা সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

 

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত ইখলাস গাজী (৫০) রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি এবং পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার সেখানে এসে তাকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হলে মাইঝে শিকদার ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল-ঘুসি ও চড় মারেন। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।