কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমানের পিএকে মারধরের মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুই ভাই হলেন- আতাউর রহমান (৩৫) ও রেজাউল করিম (২৪)। তারা উভয়ই উলিপুর উপজেলাধীন রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, এমপি মো. মোস্তাফিজুর রহমান শনিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী নিয়ে সিএনজিযোগে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার মাটিকাটামোড়ে যানজটে পড়লে পিএ সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে অটোরিকশায় থাকা দুই যুবককে সাইড দিতে বলেন। এ সময় সাইড নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা এমপির পিএর ওপর হামলা করে।
পরে অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।
এমপির পিএ মো. সানাউল্লাহ সরকার বলেন, এমপি স্যারের মিটিং ছিল কুড়িগ্রামে। তাই আমরা চিলমারী থেকে সন্ধ্যায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে মাটিকাটায় যানজট দেখে আমি নেমে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবক আমাদের ওপর ক্ষিপ্ত হয়। আমি তা থামাতে গেলে তারা আমাকে মারধর করে। এ সময় তারা আমাদের দলীয় এক ব্যক্তিকে ঘুসি মেরে তার দাঁত ফেলে দেয়।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।