আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন প্রয়োজন।
নোটিশে আরও কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা, মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউ ইউনিটের সক্ষমতা পরীক্ষা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত যোগ্যতা যাচাই।
এ ছাড়া অনুমোদনবিহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
নোটিশে ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
শীর্ষনিউজ