লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে মারধর এবং আরেক নেতা তানজিম হোসেন ইমনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ। ঘটনার পর গত রাতে পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সোশ্যালে এবং জনসম্মুখে আপত্তিকর মন্তব্য করেছেন আনোয়ার। ঈদ করতে গ্রামে এসেছিলেন তিনি। তার সঙ্গে শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর আনোয়ার হোসেন বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুকে ফোনে জানালে তাদের মধ্যেও কথাকাটাকাটি হয়। পরে রাতে বিএনপির নেতাকর্মীরা আনোয়ারের বাড়ি ঘেরাও করে। এ সময় তিনি এনসিপির আরেক নেতা তানজিমের বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে আনোয়ার ও তানজিমকে আটক করে পুলিশে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হেফাজতে নেওয়ার সময়ও আনোয়ারকে মারধর করা হয়েছে বলে তার সমর্থকদের অভিযোগ।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সভাপতি মিঠুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে এনসিপির জেলা যুগ্ম সদস্যসচিব ইব্রাহীম খলিল বলেছেন, হামলার ঘটনাটি আমরা শুনেছি। লক্ষ্মীপুরে আমাদের কমিটির সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে পারব।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সামাজিকমাধ্যমে কটূক্তির করায় সাইবার কোর্টে আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।