সিলেট নগরীতে ছুরিকাঘাতে র্যাবের সদস্য ইমন আচার্য্য নিহত হয়েছেন। ধাওয়ার পর এক শিশুকে জিম্মি করেন সন্দেহভাজন হামলাকারী। শিশুটিকে উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বীন ব্রিজ এলাকার এই ঘটনা ঘটে। সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির এসব নিশ্চিত করেছেন। নিহত ইমন আচার্য্য র্যাব-৯ এর সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেছেন, দুপুর ১২টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় এক মাদকসেবীকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সাদা পোশাকে ঘটনাস্থলে থাকা র্যাব সদস্য তাকে আটকানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশের ধাওয়ায় অভিযুক্ত হামলাকারী তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়েন । এক শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করেন। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে দীর্ঘ সময় চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে। আটক করা হয় ওই ব্যক্তিকে।
গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর দুপুর দেড়টার দিকে মারা যান র্যাব সদস্য ইমন। অভিযুক্ত হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শীর্ষনিউজ