ঈদের ছুটির আগে আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকার কথা জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত আগেই জানিয়েছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে।
তবে, ঈদের ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে। এদিকে, ঈদের ছুটির সময়জরুরি সেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক এই ছুটির আওতামুক্ত থাকবে।
এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনগুলোও ছুটির বাইরে থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।