রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকার কয়েকজন যুবক তাকে একা পেয়ে জিজ্ঞেস করেন, শাহিন নামে একজনকে দেখেছে কি না।
তিনি আরও জানান, গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।
আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। তার মা মোমেনা বেগম জানান, রাফি টিশার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে।