Image description

ফরিদপুরে মাটিচাপা দেওয়া অবস্থায় এক মা ও তার শিশুসন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের একটি নির্জন পুকুরপাড়ে কুকুরে লাশ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের অংশবিশেষ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে এক নারী ও একটি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত হয়ে গেছে।

 

ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতদের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।