Image description

গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হওয়া এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সোহাগ ফকির (৩৬) নামের এক যুবক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মাদারীপুরের। তবে শেষ রক্ষা হয়নি তার। 

 ডিবির হাতে গ্রেফতার সোহাগ ফকির সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি স-মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে আরও একটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘সোহাগ ফকিরের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’