মেহেদী হাসান
আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স, এমএসএস সম্পন্ন করার পর ২০০৩ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হই। প্রথমে বাংলাদেশ টুডে পত্রিকায় এক বছর, তারপর দৈনিক নয়া দিগন্তে দীর্ঘ ১৩ বছর সাংবাদিকতার পর বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকায় সহকারী সম্পাদক পদে কর্মরত। দৈনিক নয়া দিগন্তে এক বছর ডেস্ক এবং ১২ বছর রিপোর্টিংয়ে ছিলাম। নয়া দিগন্তে থাকাকালে ২০১৫ থেকে ১৭ পর্যন্ত পরপর তিন বার আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাই। এর মধ্যে দুইবার শিক্ষা ও একবার কৃষি বিষয়ক রিপোর্টের জন্য।
বাংলাদেশে অন্যতম আলোচিত রিপোর্ট ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের ছাত্রী ধর্ষনের ঘটনা সর্বপ্রথম আমি ফাঁস করেছিলাম নয়া দিগন্তের মাধ্যমে ২০১১ সালে। এরপর সারা দেশের শিক্ষাঙ্গন উত্তাল হয়ে উঠেছিল এ ঘটনার বিচারের দাবিতে।
করোনার ঠিক আগে নয়া দিগন্ত থেকে অবসর নেওয়ার পর আমি বিডি ভিউজ ইনফোটেনমেন্ট নামে একটি নিউজভিত্তিক চ্যানেলের সাথে যুক্ত হই এবং গত ছয় বছরে আমি সেখানে আন্তর্জাতিক বিষয়ে দৈনিক ১০ থেকে ১২ মিনিটের একটি করে বুলেটিন লিখেছি বাসায় বসে। এ ছাড়া লিখেছি কয়েকশ বিশেষ রিপোর্ট । ওই চ্যানেলে শীর্ষ ভিউ রিপোর্ট তালিকায় প্রথম থেকে ১৩ পর্যন্ত সবগুলো লেখা আমার। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা একটির ভিউর পরিমান ৪.১ মিলিয়ন।
নয়া দিগন্তে থাকা অবস্থায় আমি একবার জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ ফরম কিনেছিলাম। কিন্তু জমা দেওয়া হয়নি, কারন তখন শেখ হাসিনার শাসনকাল এবং নয়া দিগন্তসহ ডানপন্থী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রেসক্লাব থেকে ব্যাপকভাবে সদস্য পদ বাতিল করা হয়। এরপর তো কেটে গেল দীর্ঘকাল। চব্বিশের বিপ্লবের পর আমি প্রেস ক্লাবের সদস্য পদের জন্য আবেদন করলম। মঙ্গলবার চার শতাধিক নতুন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে আমার নাম নেই।
প্রেসক্লাবের যারা এই সদস্য পদের আবেদন যাচাই বাছাই করেছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ পেতে হলে আমার আর কি কি যোগ্যতা অর্জন করতে হবে?