Image description
বৃষ্টির শুরুতেই জলাবদ্ধতার শঙ্কা

চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয়ে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগ এ কমিটি গঠন করে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে আহ্বায়ক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় করবে। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রতিনিধিকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির। এদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগরের একাধিক খাল-নালা পরিদর্শন করেছেন। অন্যদিকে, গতকাল বিকালে

চসিকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রতিমন্ত্রী শাহে আলমের তোপের মুখে পড়েন। নগরীর সাম্প্রতিক জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত প্রচার চালানো হয়েছে। ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে চট্টগ্রাম নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে নগরী পানির নিচে তলিয়ে যায়নি; ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংসদে বিষয়টি উত্থাপনের পর প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন দ্রুত চট্টগ্রামে এসে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে কাজ করতে।

আমি গত বুধবার রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন ভয়াবহ জলাবদ্ধতা দেখিনি। তিনি বলেন, হঠাৎ ৮০ থেকে ৯০ মিলিমিটার ভারী বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই পানি সরতে কিছুটা সময় লাগে।

এটিকে জলাবদ্ধতা বলা যাবে না, এটি সাময়িক জলজট। প্রকৃত জলাবদ্ধতা তখনই বলা যায়, যখন তিন-চার দিন পানি নেমে না যায়। এদিকে চসিকের সম্মেলন কক্ষে সব সেবা সংস্থাকে নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রতিমন্ত্রী সিডিএ চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, আপনি প্ল্যানিং করেই ষড়যন্ত্র করছেন। আপনি তো সরকারের বিরুদ্ধের লোক। জলাবদ্ধতা নিয়ে আপনি মিডিয়ায় কিছুই বলেননি। সিডিএ নগরের ৩৬টি খাল সংস্কারের কাজ করছে। সমস্যা আপনাকে নিয়ে। কিন্তু মিডিয়ায় আপনার কোনো বক্তব্য নেই।