Image description

তিন কর্মসূচি সামনে রেখে আগামীকাল সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম যশোর সফর। এর আগে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারম্যান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

যশোর সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবেন। সোয়া ১০টায় পৌঁছাবেন যশোরে। সেখানে উলশী খাল পুনঃখনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকালে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বেলা ১১টা ১৫ মিনিটে শার্শায় উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শুরু করবেন। সাড়ে ১১টায় বক্তব্য রাখবেন সুধী সমাবেশে।

এরপর যশোর সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। বিকাল ৩টায় ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের। সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।