Image description

ওমান সফর শেষে ইরানে ফেরার পথে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের নির্ধারিত সফর বাতিল করা সত্ত্বেও পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অব্যাহত রাখার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

 

জিও নিউজ জানিয়েছে, ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে হরমুজ প্রণাণির নিরাপত্তা এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনার পর আরাঘচি ইসলামাবাদে আসেন। দুই দিনের মধ্যে পাকিস্তানে এটি তার দ্বিতীয় সফর। এই সফরে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

 

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-এর তথ্যমতে, আরাঘচি ‘যুদ্ধ সম্পূর্ণ অবসানের লক্ষ্যে যে কোনো সমঝোতার কাঠামোর বিষয়ে ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি’ তুলে ধরবেন।

 

এক দিন আগেই আরাঘচি ইসলামাবাদে ছিলেন। পরে সেখান থেকে তিনি ওমান সফরে যান। অন্যদিকে, যুদ্ধের সমাপ্তি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা গ্রহণের জন্য ইরানের অন্যান্য প্রতিনিধিরা তেহরানে ফিরে গেছেন।