Image description

তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে খুলনার পাইকগাছায় বোমা মে‌রে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুমকিদাতাকে আটক করে পুলিশ, পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তা অঞ্জন চৌধুরীকে হুমকি দেন দেবজতী নামে এক যুবক। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাইকগাছায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এমনকি চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতিতেও মারাত্মক প্রভাব পড়ছে। বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে ক্ষোভ বাড়তে থাকায় একপর্যায়ে ওই যুবক ক্ষুব্ধ হয়ে হুমকি দেন।

 

পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, চাহিদা অনুযায়ী ২৪ ঘণ্টায় যেখানে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে বরাদ্দ মিলছে মাত্র তিন মেগাওয়াট। প্রতি ছয় ঘণ্টা পরপর এক মেগাওয়াট করে সরবরাহ দেওয়া হচ্ছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট নয়।

 

তিনি বলেন, এই সীমিত সরবরাহের বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। এর মধ্যেই ওই যুবক ফোনে হুমকি দিলে আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে জানাই।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আটক দেবজতী তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।