মূল পর্বে খেলা নিশ্চিত করতে শুধু ড্রই যথেষ্ট ছিল। বাংলাদেশ নারী হকি দল অবশ্য জয় দিয়েই নিশ্চিত করেছে এশিয়ান গেমসে খেলা। বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। এতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত করল তারা।
এবারের এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আসরটাই দারুণভাবে রাঙাল নারী হকি দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে হারায় উজবেকিস্তানকে। শেষ ম্যাচে তাই ড্র করলেই নিশ্চিত হতো সেমিতে খেলা, সঙ্গে মূল পর্বের টিকিটও।
বিশ্ব র্যাংকিংয়ের ৩৪ নম্বরে থাকা হংকং লিড নেয় ম্যাচের প্রথম মিনিটেই। ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। দশম মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ। জটলার মধ্যে থেকেই দারুণ এক শটে গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা এমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ এর সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ৩৯ মিনিটের গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মূল পর্বে খেলার উল্লাসে মাতে বাংলাদেশ নারী দল। আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।