বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝপথেই বাতিল করা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের চতুর্থ লেভেলের প্রথম সেমিস্টারের চলমান ফাইনাল পরীক্ষা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশংকা থাকলেও পরীক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কৃষি অনুষদের চতুর্থ লেভেলের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয় রোববার (২৬ এপ্রিল) থেকে। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৩টায়। তবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টার মাঝেই প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রের বিদ্যুৎ চলে যাওয়ায় প্রায় আধা ঘণ্টা বসে থাকেন পরীক্ষার্থীরা।
আধা ঘণ্টা পর বিদ্যুৎ আসলে পুনরায় পরীক্ষা শুরু হয়। এরপর আবারও কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে প্রায় ৪০ মিনিট বসে থাকেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষাকেন্দ্রে আলোর কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ে চলমান পরীক্ষাটি বাতিল করা হয় এবং নির্ধারিত কোর্সের পরীক্ষাটি ঈদের পর নেওয়া হবে বলে জানানো হয়।
পরীক্ষা বাতিলের এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, মোবাইলের ফ্লাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে হলেও আমরা পরীক্ষা দিতে রাজি ছিলাম। তবে পরীক্ষার বাতিলের এ সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক।
এ বিষয়ে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘসময় ডিউটিতে থাকতে না চাওয়ায় পরীক্ষা বাতিল হয়েছে।
পরীক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা ছিলো কি না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কৃষি অনুষদের একটি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী। অনুষদের অন্য সব শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় বিকল্প ব্যবস্থা করা যায়নি।