Image description

নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে হুসেন আলী নামে সাত বছরের এক শিশুকে আসামি করে মামলা করেছে প্রতিপক্ষরা। সেই মামলায় আদালতে জামিন নিতে আসে শিশুসহ তার পরিবারের সদস্যরা।

 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নাটোর নারী ও শিশু আদালতের বিচারক রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন।

 

ওই শিশুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে গত ৯ এপ্রিল পূর্ববিরোধের জেরে স্থানীয় কিশোরদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ এবং আরও তিন-চারজনকে আসামি করে একটি মামলা করেন এক কিশোরের বাবা শাহানুর রহমান।

 

ওই মামলায় শাজাহান আলীর সাত বছর বয়সি ছেলে হুসেন আলীর বয়স ২১ বছর উল্লেখ করে আসামি হিসেবে নাম দেওয়া হয়। জন্ম সনদ অনুযায়ী শিশুটির জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর।

 
 

 

অ্যাডভোকেট শামীম হোসেন বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী অনেক সময় পরিবারের অনেক সদস্যকে একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্তে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।