বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রোববার (২৬ এপ্রিল) শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে চলাচলকারী লঞ্চগুলোর যাত্রার সময়সীমার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি গবেষক।
পোস্টে তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ বিকেল ৬টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা থেকে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোর যাত্রা ঢাকা থেকে কমপক্ষে রাত ৮টার পর শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সেই সঙ্গে কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগে প্রবেশ শুরু করবে (সম্ভাব্য সময়) সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৮টার মধ্যে। কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগ পুরোপুরি অতিক্রম করতে রাত ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। ফলে বরিশাল বিভাগের দিক থেকে ঢাকার পথে রওনা দেওয়া যাত্রীবাহী জাহাজগুলোকে রাত ১২টার পরে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।