ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
রোববার (২৬ এপ্রিল) নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এ আপিল করেন।
মনিরা শারমিন বলেন, আমি আপিল করেছি। আগামীকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুনানির সময় দিয়েছে কমিশন।
তিনি বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।
গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এ অবস্থায় জামায়াত জোট জাতীয় সংসদের একটি নারী আসন কম পেতে পারে। অর্থাৎ তাদের জন্য বণ্টন করা ১৩টি আসন কমে ১২টিতে দাঁড়াতে পারে। কারণ ওই আসনটি উন্মুক্ত হলে নতুন তফসিলে ভোট হবে। আর সংসদে ভোট বেশি থাকায় আসনটি নিজেদের দুর্গে তুলে নিতে পারে বিএনপি জোট।
দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।