Image description

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি সংকট ও রেশনিংয়ের কারণে রাতে পুলিশের উপস্থিতি কমেছে, ফলে অপরাধের ঝুঁকি বেড়েছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি সীমাবদ্ধতা দুই দিন আগেই প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্তের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে এবং জনগণের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

শীর্ষনিউজ