Image description

জামালপুর সদর উপজেলায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্থানীয় এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিন জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের কলেজ পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তায় পানির পাইপ ফাটানোকে কেন্দ্র করে রুকন উদ্দিনের সঙ্গে একই এলাকার বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. সজীবের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় সজীব তার দুই ভাই রাজিব ও জাকিরসহ কয়েকজন সহযোগী নিয়ে রুকন উদ্দিনের বাড়িতে যান। এ সময় রুকন উদ্দিনকে না পেয়ে তারা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী মৌসুমী আক্তার বাইরে এসে বাধা দিলে অভিযুক্তরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

 

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সজীব বলেন, এ বিষয়ে আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন।

 

তার ভাই কাওসার বলেন, বিষয়টি পারিবারিক। রুকনের স্ত্রী সচিবের বৃদ্ধ মাকে মারধর করেছে। সেজন্য তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে।

 

এ বিষয়ে জামালপুর পৌর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, একই ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।