মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘লাই হারাওবা’ উৎসব। কমলগঞ্জ মণিপুরি মৈত সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য সচিব ওইমান লানথই।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের উৎসবে দেশের বিশিষ্ট শিল্পী ও গবেষকদের সঙ্গে ভারতের মণিপুর থেকে একদল শিল্পী ও গবেষকও অংশগ্রহণ করবেন। তিন দিনের এই আয়োজনে থাকবে ঐতিহ্যবাহী মণিপুরি ধর্মীয় আচার অনুষ্ঠান, লাই হারাওবা নৃত্য ও লোকসংগীত, মণিপুরি কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শন।
কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘লাই হারাওবা’ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতির ধারক।
উৎসব ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন মণিপুরি পল্লীর নির্ধারিত মণ্ডপে ধর্মীয় বিধি মেনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।