সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ফলস ফ্ল্যাগ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে উস্কানির জবাবে প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর সেই হুমকিকে কেন্দ্র করে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত বৃহস্পতিবার ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তান যদি কোনো দুঃসাহসিকতা দেখায়, তাহলে ভারত নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তিনি এই সতর্কবার্তা দেওয়ার দু’দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভবিষ্যতে ভারতের যেকোনও দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাবে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত খাজা আসিফের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আর এতেই ক্ষুব্ধ হয়েছেন মমতা ব্যানার্জি। সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচারসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন।
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি দাবি করেছিলেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে ইসলামাবাদ। সেই ঘটনায় কেন চুপ প্রধানমন্ত্রী? কেন নিরুত্তর কেন্দ্র? সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে প্রধানমন্ত্রীকে জোরালো আক্রমণ করেন মমতা। বাদ যাননি অমিত শাহ ও রাজনাথ সিংও। মমতা টেনে আনেন এক বছর আগে ঘটা পহেলগামের ঘটনাও।
মমতা বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা তো সবসময় কেন্দ্রের পাশে থাকি ভারতীয় হিসেবে। তাই পাকিস্তান যদি কলকাতা আক্রমণের কথা বলে, তা আমরা মানব না।
গত বছর ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনা টেনে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন? না-কি ভোটের আগে আরও একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি? প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই। কারা বলিয়েছে?
এ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি পদত্যাগও দাবি করেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, পাকিস্তান কলকাতাকে আক্রমণ করার কথা বলছে আর প্রধানমন্ত্রী মুখে প্লাস্টার লাগিয়ে বসে আছে। আগে আপনি পদত্যাগ করুন। যে মানুষের ভোটে প্রধানমন্ত্রী হলেন, তাদেরই নাম কেটে দিলেন।
সূত্র : এই সময়