Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করার সময় তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে চার জনের লাশ আমরা গ্রহণ করেছি। আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।’

নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

 

কথা বলছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকথা বলছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

এর আগে আজ সকালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নং- এসভি৮০৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। তাঁর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।