বাংলাদেশ–ভারত সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরটি কেবল একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সফর হতে যাচ্ছে তা নয়; বরং এটি দুই দেশের সম্পর্ক পুনর্গঠন ও ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফর হওয়ায় এর রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা দাবি করছেন, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আরোহণের পর থেকেই বাংলাদেশ–ভারত সম্পর্কে যে বরফ জমেছিল তা গলতে শুরু করেছে। বিভিন্ন আলামত থেকে তেমনটিই বোঝা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর সফর সেই শীতলতা আরও বৃদ্ধি করবে।
প্রথমত, এই সফরের মূল তাৎপর্য নিহিত রয়েছে রাজনৈতিক আস্থা পুনর্গঠনের প্রশ্নে। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় যে ঘনিষ্ঠতা ঢাকা–দিল্লি সম্পর্কে বিদ্যমান ছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা আর অপরিবর্তিত রাখা সম্ভব নয়। ২০২৪ সালের গণ–অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দুই দেশই নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান পুনঃনির্ধারণে বাধ্য হয়েছে। ফলে এবারের সফরে নির্দিষ্ট কোনো ইস্যুর চেয়ে পারস্পরিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিনিময়ই বেশি গুরুত্ব পেতে পারে।
দ্বিতীয়ত, এই সফরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভবিষ্যৎ সম্পর্কের ‘ফ্রেমওয়ার্ক’ নির্ধারণের একটি সুযোগ তৈরি করছে। এস জয়শঙ্কর, অজিত দোভাল, পীযূষ গোয়েল এবং হারদীপ সিং পুরির সঙ্গে ধারাবাহিক বৈঠক প্রমাণ করে যে, নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি ও কূটনীতি—সব ক্ষেত্রেই একটি সমন্বিত সম্পর্ক কাঠামো নিয়ে আলোচনা হবে। অর্থাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ককে খণ্ডিতভাবে নয়, বরং একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্বে রূপ দেওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে।
তৃতীয়ত, সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘সমতার ভিত্তিতে সম্পর্কের বার্তা’। বাংলাদেশ স্পষ্টভাবে জানাতে চাইছে যে, ভবিষ্যৎ সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও স্বার্থের ওপর ভিত্তি করে—কোনো একতরফা প্রভাব বা চাপের ভিত্তিতে নয়। এই অবস্থানটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে ‘ভারসাম্যপূর্ণ কূটনীতি’ গুরুত্ব পাচ্ছে।
চতুর্থত, বাস্তবমুখী ইস্যুগুলোর গুরুত্বও কম নয়। ভিসা সহজীকরণ, বাণিজ্যে বিধিনিষেধ প্রত্যাহার, ট্রানজিট সুবিধা, জ্বালানি সহযোগিতা এবং অভিন্ন নদীর পানি বণ্টন—এসব বিষয় সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে। বিশেষ করে তিস্তা ও গঙ্গা নদীর পানিবণ্টন দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু হিসেবে রয়ে গেছে। একই সঙ্গে বাণিজ্যিক সীমাবদ্ধতা ও ভিসা জটিলতা দূর না হলে সম্পর্কের উন্নয়ন বাস্তব রূপ পাবে না। ফলে এই সফরে বাংলাদেশ মূলত ভারতের কাছ থেকে ‘সদিচ্ছার দৃশ্যমান পদক্ষেপ’ প্রত্যাশা করবে।
পঞ্চমত, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটেও এই সফরের গুরুত্ব রয়েছে। Indian Ocean Conference–এ অংশগ্রহণের আগে দিল্লি সফর ইঙ্গিত দেয় যে, ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য ও সহযোগিতার প্রশ্নেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
এই সফরকে একটি ‘পরীক্ষামূলক সূচনা’ বলা যেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা স্পষ্ট—তারা একটি স্বাভাবিক, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক চায়। তবে সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে দিল্লির প্রতিক্রিয়ার ওপর। যদি ভারত নতুন বাস্তবতাকে স্বীকার করে সমতার ভিত্তিতে এগিয়ে আসে, তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে; অন্যথায় পুরোনো অবিশ্বাস ও অমীমাংসিত ইস্যুগুলোই সম্পর্কের অগ্রযাত্রায় বাধা হয়ে থাকবে।