Image description

লক্ষ্মীপুরের ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১২ জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন শিশু ভর্তি হয়েছে।

 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।

 

তিনি জানান, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে মোট ৩৯ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

এর মধ্যে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ১২ জন শিশুর চিকিৎসা চলমান রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু বলেন, বর্তমানে জেলায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। হাসপাতালে ভর্তি শিশুদের অবস্থা মোটামুটি স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে।