কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবার কাছে পড়াশোনার খরচ চেয়ে না পেয়ে অভিমানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
মৃত শিক্ষার্থীর নাম আজিমুল ইসলাম (২৩)। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বাড়িতে বাবার কাছে এসে পড়াশোনার খরচ বাবদ মোটা অংকের টাকা দাবি করেন আজিমুল। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিমানে ঘরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার মা রশিতে ঝুলতে দেখে সঙ্গে সঙ্গে রশি কেটে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে আত্মহত্যা করবে এটা মেনে নিতে পারছি না। শুনেছি পড়াশোনার খরচের পাশাপাশি তার বাবার কাছে মোটা অংকের টাকা দাবি করে আজিমুল। কিন্তু অটোচালক বাবা তার সন্তানের চাহিদা মত টাকা দিতে না পারায় অভিমানে সে আত্মহত্যা করেছে।
শনিবার বিকালে শিক্ষার্থীর মরদেহ নিয়ে আসা হলে এক নজর দেখার জন্য বাড়িতে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর ভিড় জমে। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ও ঘটনাস্থলে আসেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।