ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। তিনি বলেন, নেতানিয়াহুর হাতে লেগে আছে ‘ফিলিস্তিনি শিশুদের রক্ত’।
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দায়মুক্তি নিয়ে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান রো খান্না। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনার পর তিনি এ অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দুটি পোস্টে রো খান্না ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, হামলাকারীরা তাকে তুলে আছড়ে ফেলে এবং তাকে লাথি মারতে থাকে।
ইসরাইলের বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে খান্না বলেন, ‘ইসরাইলকে দেওয়া যে সহায়তা বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, তা আমাদের বন্ধ করতে হবে এবং এসব অস্ত্র বিক্রিও থামাতে হবে।’
গত জুলাইয়ে নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। সে সময় খিরবেত জানুতা এলাকায় বসতি স্থাপনকারীরা তাকে এবং নিউ ইয়র্ক টাইমসের একজন আলোকচিত্রীকে আটকে রেখেছিল। খান্না জানান, সেই ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছিলেন।
নেতানিয়াহুকে উদ্দেশ করে খান্না বলেন, ‘নেতানিয়াহু, আপনিই মিথ্যাবাদী। ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার হাতে।’
সূত্র: আল জাজিরা