নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। অধিবেশনে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। আর অধিবেশন চলাকালে তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। এ তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেছেন, ইরানের অন্যান্য কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
কর্মকর্তারা সিএনএনকে জানান, পেজেশকিয়ান ও ইরানের প্রতিনিধিদলের অন্য সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত ফেডারেল নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গোয়েন্দা ব্যুরোর সদস্যরা। এর সঙ্গে রয়েছেন এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তারা এবং হাইওয়ে প্যাট্রলের সদস্যরা।
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে এই বৈশ্বিক কূটনৈতিক আয়োজনে উপস্থিতি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার ভাষণ দেবেন পেজেশকিয়ান।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেন। এ সময় তিনি ইরানকে ধ্বংসের হুমকি দেন। যদিও একই দিনে অধিবেশনের সাইড লাইনে বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা।
সূত্র : সিএনএন