যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জব্দ করা মার্কিন ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইরান। জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ যুদ্ধের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে ইরান।
ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি বলেন, বিচারিক আদেশের ভিত্তিতে হরমুজ প্রণালি ও উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে।
আবদোলিয়ানপুর বলেন, এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ব্যয় করা হবে। তবে জব্দ করা জাহাজগুলোর সংখ্যা বা সেগুলো কবে বিক্রি করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা ইতোমধ্যে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বলে তেহরানের দাবি। ইরান জানিয়েছে, ওই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
সংঘাতের সময় কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ দেখা দেয়। সূত্র: মিডল ইস্ট মনিটর