গাজায় পৃথক হামলায় হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) দুই কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর বরাতে বলা হয়, বৃহস্পতিবার গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে হামলায় ইব্রাহিম নাবিল ইব্রাহিম বাস নিহত হন। তাকে হামাসের সামরিক শাখার একজন কমান্ডার হিসেবে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনীর ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন বাস। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।
অন্যদিকে গাজা সিটির সাবরা এলাকায় পৃথক হামলায় হামদি আহমেদ হামিদ কাহলিল নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তাকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একটি পর্যবেক্ষণ প্লাটুনের কমান্ডার হিসেবে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, নিহত দুই ব্যক্তি সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিজেদের সংগঠনের সক্ষমতা পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিলেন।
তবে এসব দাবির পক্ষে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রমাণ দেয়নি। স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করাও সম্ভব হয়নি।