Image description
নেপালের ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের পর দেশটির বিভিন্ন এলাকায় থাকা ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)।
 
শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
 
এদিকে, নেপালের বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর ২১ ভারতীয় নাগরিক শুক্রবার দিল্লিতে পৌঁছেছেন। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব কাঠমান্ডুতে তাদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন।
 
ব্রিফিংয়ের সময় জয়সওয়াল বলেন, ‘ত্রিশূলী প্রজেক্টে কর্মরতদের মধ্যে এখনো পর্যন্ত ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের দিকে আটকে থাকা ৯৬ জন ভারতীয় নাগরিক নিরাপদে স্থলপথে নেপাল সীমান্তে এসে পৌঁছেছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
 
তিনি জানিয়েছেন, চীনের দিকে আটকে থাকা আনুমানিক ৪০০ জন ভারতীয় সুরক্ষিত রয়েছেন, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। যে সমস্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছিলাম না, বা যারা নিখোঁজ তাদের সংখ্যা ৩২০ জন। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।’
 
জয়সওয়াল বলেন, নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন ভারতীয়দের বিষয়ে তথ্যের বিভিন্ন তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। ফলে সংখ্যাটি পরিবর্তিত হতে পারে। ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের উদ্ধারে নেপালের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত সরকার।
 
পাশাপাশি তিনি জানিয়েছেন, বিভিন্ন দেশের নাগরিকত্ব থাকা প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা কৈলাস-মানস সরোবর যাত্রায় ছিলেন।