ইরানকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে বা প্রয়োজন হলে দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশিত একই ধরনের বার্তায় এ আহ্বান জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল রয়েছে এবং অপ্রত্যাশিতভাবে সংঘাত আরও বাড়তে পারে। এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে কোনও সতর্কতা বা উসকানি ছাড়াই অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা এবং আগে লক্ষ্যবস্তু না হওয়া এলাকা, যেমন মিসরেও হামলা সম্প্রসারণের সিদ্ধান্তে দেখা গেছে, ইরানি শাসনব্যবস্থা অনিশ্চিত আচরণ করছে।
দূতাবাসগুলোর বার্তায় বলা হয়েছে, অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত, অথবা পরিস্থিতির অবনতি হলে দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এতে সতর্ক করা হয়, উত্তেজনার কারণে ভ্রমণও ব্যাহত হতে পারে।
মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এ অঞ্চল এবং এ অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা গুরুত্বসহকারে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করবেন বা এ অঞ্চল থেকে যাতায়াত করবেন, তাদের বিমানবন্দর ও এয়ারলাইন্সের কার্যক্রমসংক্রান্ত তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে দূতাবাসগুলো জানিয়েছে, নিয়মিত কনস্যুলার ও ভিসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রয়েছে।