Image description

দক্ষিণ লেবাননের ৯০০ বছর পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ এবং এর কৌশলগত গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকা দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (৩১ মে) দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, অভিযানটি মূলত বিউফোর্ট রিজ এবং ওয়াদি আল-সালুকি এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সেখানে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিচালিত হয়েছে।

আইডিএফ জানিয়েছে, অভিযানে তাদের এক সদস্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে লেবানন সরকার বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
 

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এপ্রিলের যুদ্ধবিরতির পরও উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা অব্যাহত রয়েছে। শনিবার উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলার পর কয়েকটি এলাকায় স্কুল বন্ধ এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

 
 

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বিউফোর্ট রিজ থেকে হিজবুল্লাহ বহু হামলা পরিচালনা করেছে এবং ওই এলাকা থেকে শত শত রকেট ও অন্যান্য প্রজেক্টাইল ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

 

বিউফোর্ট দুর্গ দখলের ফলে ইসরায়েলি বাহিনী এখন দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল এবং উত্তর ইসরায়েলের ওপর কৌশলগত নজরদারির সুবিধা পেয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর আশপাশেও ইসরায়েলি সেনারা অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অঞ্চলটিকে হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র : রয়টার্স