Image description

ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম সাত দিনে প্রায় ৪০০ জন কথিত বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক করা হয়েছে বসিরহাট পুলিশ জেলায়। সেখানে ৩৩৫ জনকে বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তেঁতুলঘাটি, পাথরশাঁতি, চরঘাট ও সুভাষ নগরের বন্যা ত্রাণকেন্দ্রগুলোকে এসব হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলাতেও আটক ব্যক্তিদের রাখা হয়েছে বলে জানা গেছে। এসব স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে কেরালায় কর্মরত কয়েকজন শ্রমিকও রয়েছেন, যারা সম্প্রতি সীমান্ত হয়ে আটক হন। তাদের উত্তর চব্বিশ পরগনার একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।

একজন আটক ব্যক্তির বরাতে বলা হয়েছে, তাদের বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করেছে। কীভাবে ভারতে প্রবেশ করেছেন এবং কোথায় কাজ করেছেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।

শীর্ষনিউজ