Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ দিনের সফরে চীনে রয়েছেন। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। এবারের সফরে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠান হয়ে উঠেছিল কূটনৈতিক বার্তারও এক সূক্ষ্ম মাধ্যম। চীনের বিখ্যাত হাঁসের রোস্ট থেকে শুরু করে তিরামিসু; প্রতিটি খাবারের পদেই ছিল চীনের রাজনৈতিক সৌজন্য ও সম্পর্কের ইঙ্গিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত এই জাঁকজমকপূর্ণ ভোজে অতিথিদের প্রথমে পরিবেশন করা হয় বিভিন্ন মুখরোচক খাবার। এরপর মূল আয়োজনে ছিল টমেটো স্যুপে লবস্টার, মচমচে গরুর পাঁজর, বেইজিং হাঁসের রোস্ট, মৌসুমি সবজির স্ট্যু, সরিষার সসের আঁচে রান্না করা স্যামন মাছ এবং ভাজা শূকরের মাংসের বান।

ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় শঙ্খ আকৃতির পেস্ট্রি, তিরামিসু, বিভিন্ন ফল ও আইসক্রিম।

 
 

তবে কূটনৈতিক উষ্ণতা শুধু খাবারের টেবিলেই সীমাবদ্ধ ছিল না। বেইজিংয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এক শীর্ষ বৈঠকে অংশ নিতে তিনি শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

 
 

শি জিনপিংকে নিজের বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গভীর। শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। একই সঙ্গে সফরের শুরুতে অসাধারণ অভ্যর্থনা দেওয়ার জন্য চীনা নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি।

 

চীনে কূটনৈতিক সফরে খাবারকে কেন্দ্র করে আলোচনার ঘটনা নতুন নয়। বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিংয়ের একটি ইউনান রেস্তোরাঁয় জাদুকরী মাশরুম খাওয়ার প্রসঙ্গ টেনে রসিকতা করেছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭১ সালে হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফরের সময় তার নাম অনুসারে একটি বিশেষ মুরগির মাংসের খাবার তৈরি করা হয়েছিল।

২০১৭ সালে ট্রাম্পের আগের চীন সফরে তাকে হুয়াইয়াং ধাঁচের খাবার পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল স্যুপে রান্না করা সবজি ও টমেটো দিয়ে রান্না করা গরুর মাংস। ধারণা করা হয়, ট্রাম্পের ভালোভাবে সেদ্ধ স্টেক খাওয়ার পছন্দের প্রতি ইঙ্গিত করেই এই আয়োজন করা হয়েছিল।

চীনে রাষ্ট্রীয় ভোজ এক ধরনের রাজনৈতিক বার্তাও বহন করে। আর এবার ট্রাম্পের সম্মানে আয়োজিত ভোজে প্রতিটি পদ যেন সেই বার্তাই নতুন করে তুলে ধরল।