Image description

ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালী'র নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের জোর তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। 'মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট' (MFC) নামের এই জোটে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বিশ্বজুড়ে তাদের দূতাবাসগুলোতে পাঠানো এক তারবার্তায় (ক্যাবল) এই জোট গঠনের ঘোষণা দিয়ে মিত্র দেশগুলোকে শুক্রবারের মধ্যে তাদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে। সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নাল এই গোপন বার্তার তথ্য নিশ্চিত করেছে।

এই জোটের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। সম্প্রতি এই এলাকায় একাধিক তেলের ট্যাংকারে হামলা এবং পাল্টাপাল্টি অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যৌথভাবে এই জোট পরিচালনা করবে। তবে মজার বিষয় হলো, এই প্রক্রিয়ায় রাশিয়া, চীন, বেলারুশ এবং কিউবার মতো প্রতিপক্ষ দেশগুলোকে দূরে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়াশিংটন বলছে, এই জোটে দেশগুলো তাদের সক্ষমতা অনুযায়ী বিভিন্নভাবে অবদান রাখতে পারবে। এর মধ্যে তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয় কিংবা সরাসরি নৌ-বাহিনীর উপস্থিতি অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স এই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব প্রচেষ্টা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, এই জোট গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরালো করতে চায়। তবে ইউরোপীয় দেশগুলো মার্কিন এই আহ্বানে কতটা সাড়া দেবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।