কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে লায়লা জাহান নাবিলা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নাবিলাসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নাবিলার বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।