Image description

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ হাজার প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৪১ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। আজ শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শনিবার সকাল ১১টা পর্যন্ত ৪১ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করেছেন। ফলে প্রকৃত আবেদনের সংখ্যা আরও কম।’ 

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।

আবেদনের সময়সীমা ও ফি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি হিসেবে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)। আর মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)।

এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার) রয়েছে। আগামী ১৮ এপ্রিল এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট নম্বর ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।