Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বড়পর্দায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। আগামী ১ অক্টোবর চলচ্চিত্রে তার ক্যারিয়ারের ৩৩ বছর পূর্ণ হতে যাচ্ছে। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেতার।

ক্যারিয়ারের শুরুতে প্রথম সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা সাইনিং মানি পেয়েছিলেন আমিন খান, সেই গল্প জানলে অনেকেরই অবাক লাগতে পারে। কারণ সেই সময় তাকে সাইনিং মানি হিসেবে দেওয়া হয়েছিল মাত্র ১ টাকা।

বিজ্ঞাপন

সম্প্রতি রুম্মান রশীদ খান সঞ্চালিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের নানা গল্প শেয়ার করেন আমিন খান। সেখানেই উঠে আসে তার প্রথম সিনেমার সাইনিং মানির এই ঘটনা।

আমিন খান জানান, ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয়ের জন্য নির্মাতা মোহাম্মদ হোসেন তাকে মাত্র এক টাকা সাইনিং মানি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে তখন কিছুটা আশাহত হয়েছিলেন তিনি। তবে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পর পরিচালকের কাছ থেকে নানাভাবে সহযোগিতা ও পরামর্শ পান।

বিজ্ঞাপন
 

শুটিংয়ের সময় মোহাম্মদ হোসেনের দেওয়া বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা অভিনয়ের ক্ষেত্রে তাকে অনেকটাই সমৃদ্ধ করেছে বলে জানান আমিন খান। এ কারণে ক্যারিয়ারের শুরুর সেই পরিচালককে তিনি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

চলচ্চিত্রে ৩৩ বছরের পথচলায় আমিন খান অভিনয় করেছেন প্রায় দেড়শ সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হৃদয় আমার’, ‘জনম জনম’, ‘তোমার আমার প্রেম’, ‘সাগরিকা’, ‘লাভ ইন থাইল্যান্ড’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’সহ আরও বেশ কিছু সিনেমা।

 

ক্যারিয়ারের শুরুতে মাত্র এক টাকা সাইনিং মানি দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন আমিন খান, সময়ের সঙ্গে সেই পথচলা তাকে ঢাকাই সিনেমার পরিচিত ও জনপ্রিয় তারকাদের একজন করে তুলেছে।