Image description

নেপালের পাহাড়, মেঘ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মুহূর্তেই বদলে গেল চেনা দৃশ্য। যে পথে পর্যটকদের ভিড়, আনন্দ আর উষ্ণ অভ্যর্থনা— হঠাৎ সেখানেই নেমে এলো ভয়াবহ হড়পা বান। সেই দুর্যোগের খুব কাছেই ছিলেন বলিউড অভিনেত্রী মানসী পারেখ।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যে গিরং বন্দরে তার থাকার কথা ছিল, কয়েক দিনের ব্যবধানেই সেই এলাকা তলিয়ে গেছে পানির নিচে। ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

 

মানসী বর্তমানে সদগুরুর কৈলাস-মানস সরোবর যাত্রায় অংশ নিতে চিনে রয়েছেন। গিরং বন্দরে হড়পা বান আঘাত হানার পর সামাজিক মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির ছবি ও ভিডিও শেয়ার করে নিজের নিরাপদ থাকার খবর জানিয়েছেন অভিনেত্রী।

 

 

গিরং বন্দরের একটি ভিডিও পোস্ট করে মানসী লিখেছেন, ‘এটা কী অবস্থা হয়েছে! আমার তো আগামিকাল (বৃহস্পতিবার) সকালে এখানেই থাকার কথা ছিল।’

 

এরপর পাঁচ দিন আগের একটি ভিডিওও শেয়ার করেন তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। সেই স্মৃতি মনে করে মানসী লেখেন, ‘মাত্র পাঁচ দিন আগেই এই জায়গায় আমাকে স্বাগত জানানো হয়েছিল। এত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। আর এখন গোটা জায়গাটাই জলের তলায়।’

 

নিজেদের নিরাপত্তার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ঈশ্বরের কৃপায় তারা চিনে নিরাপদে আছেন। ইশা ফাউন্ডেশন তাদের বাড়ি ফেরানোর পাশাপাশি বন্যায় আটকে পড়া মানুষদের খোঁজার চেষ্টা করছে।

 

ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য অনুরাগীদের প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মানসী।

 

বুধবার নেপাল-তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বানে রাসুয়া ও গিরং অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।