Image description

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে উত্তাল টালিগঞ্জ। সঠিক তদন্ত ও বিচারের দাবিতে এবার পথে নেমেছেন শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্তসহ আরো অনেকে।

 
এরপর সেখান থেকে তারা ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে অংশ নিতে টেকনিশিয়ান স্টুডিও-এর উদ্দেশে রওনা দেন।

 

শিল্পীদের অভিযোগ, রাহুলের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শান্তিলাল মুখোপাধ্যায় জানান, প্রয়োজন হলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরিচালক সৃজিত মুখার্জি বলেন, “রাহুলের মৃত্যু নিয়ে একাধিক ভিন্ন ভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে।

 
প্রকৃত ঘটনা কী, সেটি আগে সামনে আসা জরুরি, তারপরই বিচার হওয়া উচিত।”

 

এদিকে পরিচালক অরিন্দম শীল নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির দিকটি সামনে আনেন। তার প্রশ্ন, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং বিপজ্জনক পরিস্থিতি জেনেও কেন শুটিং চালানো হয়েছিল। 

তিনি বলেন, “যদি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকত, তাহলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো যেত।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর দাবি, ঘটনার পেছনে রহস্য রয়েছে এবং কারো দায় এড়ানোর চেষ্টা চলছে। তিনি সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেন, “রাহুলের ওপর দায় চাপিয়ে দিয়ে পার পাওয়ার প্রবণতা অত্যন্ত নিন্দনীয়।”

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও একই সুরে বলেন, “প্রকৃত সত্য উদঘাটনই এখন সবচেয়ে জরুরি। নিরাপত্তা প্রোটোকল মেনে চললে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।”

উল্লেখ্য, গত ২৯ মার্চ ওডিশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

 
এরপর থেকেই তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে।