Image description

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও বিএনপিদলীয় সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান। জবাবে এমপিও কড়া হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকালের অনুষ্ঠানে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী এলাকার ১ হাজার ২০১ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে বিএনপি নেতা চাঁদ আলী খান বলেন, ‘আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন; আপনার কষ্টের ফসল। আমরা কিন্তু সভাপতি হয়ে দায়িত্ব পালন করি, আমরাও কষ্ট করেছি। আপনারা সুখে বাস করবেন, সুখে থাকবেন, সবকিছু করবেন। আমরা মানুষের কাছে তীব্র সমালোচনার সম্মুখীন হব, এটা চাই না। স্পষ্ট বলতে চাই, আমি চাঁদ আলী খান, পাংশা কলেজের ভিপিগিরি করেছি, চেয়ারম্যানগিরি করেছি, পার্টির সেক্রেটারিগিরি করেছি, যখন ১৭ ইউনিয়ন ছিল, তখন ১৭ ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। শুধু তা–ই নয়, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলাম। আমি একটু অনুরোধ করতে চাই, শুধু কানে শুনেই সেটা মগজে না নিয়ে ব্রেনে নিয়েই আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং কঠিন ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেওয়ার আগে আপনারা সবকিছু অনুধাবন করবেন, তদন্ত করবেন, তারপর বাস্তবায়ন করবেন বলে আশা করি।’

বিএনপি নেতার বক্তব্যের জবাবে এমপি হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, তাঁরা কষ্টে আছেন, আমরা সুখে-স্বাচ্ছন্দ্যে আছি। কোথায় কী হচ্ছে জানি না। বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে আমি সুখ–স্বাচ্ছন্দ্যের ভেতর থাকতে চাই না, আপনাদের মাঝে থাকতে চাই।’ তিনি বলেন, ‘যদি মনে করেন, আপনি অনেক বড় নেতা, আপনার যেকোনো অন্যায় আবদার আমাকে মানতে হবে, আমি কিন্তু মানতে পারব না। আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব। আপনি যে–ই হোন না কেন। কেননা, আমি তো আর ভোট করতে আসব না, আমি তো আপনার কাছে ঠ্যাকা না, এটা আপনাকে মাথায় নিতে হবে। আমি এই রাজবাড়ী-২ সুস্থভাবে চলার জন্য যা প্রয়োজন, পজিটিভ কাজ করার জন্য যা প্রয়োজন, সে কাজ করার দৃঢ় আশ্বাস ব্যক্ত করে সেই বাংলাদেশ দেখতে চাই।’

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব কামরুল আলম, সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।