রাজধানীর বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় দেয়াল ধসে তাতে চাপা পড়ে আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়েশা মনির বাবা মোহাম্মদ ইকবাল বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেয়াল ধসে পড়লে আমার মেয়েসহ নুসরাত দেয়ালের নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় দুজনই। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
শীর্ষনিউজ